ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬

সাভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

ads

রাজধানী ঢাকার অদূরে সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় ‘গুলিতে’ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাসস্ট্যান্ডের মুনসুর মার্টের সামনে আহত ওই শিক্ষার্থীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন।


নিহত শিক্ষার্থীর নাম ইয়ামিন। তিনি সাভারের এমআইএসটির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।


মহাসড়কের পাকিজা মোড় এলাকা থেকে বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ঠেকাতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাকিজা এলাকা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পুরো সড়কে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে দীর্ঘ সময় ধরে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।


এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। বিক্ষোভরত ছাত্ররা একটি পুলিশের ভ্যান, একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।

ads
ads
ads

Our Facebook Page